স্পোর্টস রিপোর্টার
ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক কোয়ালিফিকেশন রাউন্ডে খেলতে গিয়ে বাংলাদেশ হারিয়েছে পর্তুগালকে। গতকাল একই দিনে পর্তুগালকে হারিয়ে পরের রাউন্ডে ইন্দোনেশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের টিম রিকার্ভ ইভেন্টের আলিফ, রুবেল এবং রোমান সানা।
বাংলাদেশ ৬-০ সেটে পর্তুগালকে হারিয়েছিল। ফুটবলে যদি বাংলাদেশ পর্তুগালকে হারাত সেটা নিয়ে ফুটবল দুনিয়ায় তোলপাড় হয়ে যেত। আর্চারি নিয়ে হইচই হচ্ছে না বাংলাদেশে। তবে এটা ঠিক রোনালদো যদি আর্চারি-প্রেমী হন কিংবা হতেন এবং তার দেশের আর্চারির খবর রাখতেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশের কাছে হারের খবরটাও পেতেন। বাংলাদেশের নামটাও হয়তো তার জানা হয়ে যেত, যদি রোনালদো না জেনে থাকেন। এই টুর্নামেন্টে ৩৯ দেশ হতে ২৪ দেশ বাছাই হয়। সেখান থেকে ১২ দেশের লড়াইয়ে বাংলাদেশ পর্তুগালকে হারিয়ে ৮ দেশের তালিকায় প্রবেশ করে। এই রাউন্ডে গিয়ে বাংলাদেশ ০-৬ সেটে ইন্দোনেশিয়ার কাছে হেরে বিদায় নেয়। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বললেন, ‘সবই ঠিকঠাক ছিল। ইন্দোনেশিয়া আমার চেয়ে অনেক শক্তিশালী দল। আজ মেয়েদের লড়াই শুরু হবে।’
আর্চারিতে রোমান সানা অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এখন আর্চারি ফেডারেশন আরো একজনকে টোকিও অলিম্পিক গেমসে পাঠানোর চেষ্টা করছে। প্যারিসে অলিম্পিক ফর ফাইনাল কোয়ালিফিকেশন রাউন্ড থেকে আরো একটা কোটা তুলে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। আর্চারিকে পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপের তীর।