পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ায় নৌকা মার্কার ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে গাড়িচালক আহত হন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায়।
আহত অটোচালক ফোরকান ঘরামী (৩০) জানান, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী খান এনামুল করিম পান্নার পক্ষে প্রচারণা চালাতে ভাণ্ডারিয়া-কাউখালী সীমান্তে মহসিনের চৌরাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে মোটরসাইকেলযোগে অজ্ঞাত দুই ব্যক্তি এসে তার অটোরিকশার পিছন দিকে আগুন ধরিয়ে দেয় এবং তার মাথায় আঘাত করে। তবে তিনি কাউকেই চিনতে পারেন নাই।
উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফারুক হোসেন হাওলাদার জানান, তারা খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং আহত গাড়িচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ভাণ্ডারিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. আলী আজিম জানান, আহতের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ঘটনাটির খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমান ইউপি চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনের প্রার্থী খান এনামুল করিম পান্না অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটাতে পারেন। তবে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান খান এনায়েত করিম অভিযোগ অস্বীকার করে বলেন, প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করতে তৃতীয় পক্ষ ঘটনাটি ঘটাতে পারে।
উল্লেখ্য, প্রার্থীদ্বয় সহোদর। এর আগে গত সোমবার গভীর রাতে খান এনায়েত করিমের নির্বাচনি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে।
(ছবি : পৃষ্ঠা-২)