সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক গৃহবধূ ও দুই সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্তা হিফজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ‘আমাদের কাছে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তাকে আদালতে উপস্থাপন করে রিমান্ডের জন্য আবেদন জানাব।’ গত বুধবার সকালে গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রামে একই পরিবারের তিন জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে গুরুতর আহত অবস্থায় গৃহকর্তা হিফজুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশ প্রথম থেকেই হিফজুরকে সন্দেহের তালিকায় রাখে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে গোয়াইনঘাট হত্যাকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার হবিগঞ্জের চুনারুঘাটে নিজের শিশু কন্যাসহ পাঁচ জনকে কুপিয়ে জখম করেছে আবদুল মান্নান নামে এক ব্যক্তি। আহতরা হচ্ছে আবদুল মান্নানের শিশু কন্যা সাবিহা আক্তার (৯), একই এলাকার হাজেরা খাতুন (৫০), আবদুল্লাহ (৭৫), আবদুল গফুর (৪৫) ও আবদুল হামিদ (৪০)। এলাকাবাসী আবদুল মান্নানকে আটক করে পুলিশ দিয়েছে।
গত বেশ কিছুদিন যাবত্ সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে। ঘটেছে বেশ কিছু হত্যাকাণ্ড। সিলেট জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সিলেট জেলায় ২০২০ সালের ১৮ জুন থেকে ২০২১ সালের ১৭ জুন পর্যন্ত ৬১টি হত্যা মামলা হয়েছে। এর আগে ২০১৯ সালের ১৮ জুন থেকে ২০২০ সালের ১৭ জুন পর্যন্ত ৫৩টি হত্যা মামলা, ২০১৮ সালের ১৮ জুন থেকে ২০১৯ সালের ১৭ জুন পর্যন্ত ৮৫টি হত্যা মামলা হয়েছে।