কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ মুছা মিয়া (সিআইপি) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুছা মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ছেলে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান।
মুছা মিয়া কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ছিলেন। এলাকার উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। সিংহ পুরুষখ্যাত মুছা মিয়া ছিলেন সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব।
মরহুমের জানাজা আজ রবিবার বাদ জোহর কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বাবা-মায়ের পাশে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
মুছা মিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সিআইপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসির মিয়া, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত্ ফেরদৌসী, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র নূরুল মিল্লাত শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।