‘বিএনপি জিন্দাবাদ’ স্লোগান পরিত্যাগ করুন :ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আমাদের সহযোগিতা করুন, বিএনপির রাজনীতিতে বিলীন হয়ে যাওয়ার দরকার নেই। আপনাদের কেউ কেউ দেখলাম সরাসরি বিএনপি জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন। এটা পরিত্যাগ করা উচিত। আপনারা সাদা দল জিন্দাবাদ বলতে পারেন, জাতীয়তাবাদ জিন্দাবাদ বলতে পারেন, জিয়াউর রহমান জিন্দাবাদ বলতে পারেন। কিন্তু একেবারে বিএনপিতে নিজেদের বিলীন করে দিতে পারেন না।’

গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকদের লেখা ‘জিয়াউর রহমান, ইতিহাসের ধ্রুবতারা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রকাশিত গ্রন্থের সম্পাদনা পরিষদের আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুতফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, গ্রন্থের সম্পাদনা পরিষদের নির্বাহী সম্পাদক অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান ও সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান।

জিয়াউর রহমানকে একজন বিপ্লবী নেতা হিসেবে আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা একসময় শপথ নিয়েছিলাম ছাত্রজীবনে, সমাজ পালটিয়ে দেব, বিপ্লব করব। কিন্তু বিপ্লবটা করেছেন জিয়াউর রহমান।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশ এখন পুরোপুরি বিভক্ত হয়ে গেছে। আওয়ামী লীগ-বিএনপি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তার ফলে কী হয়েছে? একজন মানুষ আপনি ধরেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন, সেটাও অনেকের কাছে গ্রহণযোগ্য হয় না, তিনি হয়তো বিএনপি অথবা আওয়ামী লীগের লোক।

 সংকলিত এই গ্রন্থে জিয়াউর রহমানের নিজের লেখা তিনটি প্রবন্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষকের লেখা স্থান পেয়েছে। বইয়ের প্রকাশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। ২০০ পৃষ্ঠার গ্রন্থের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা।