ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে জনস্বার্থে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চলমান শুনানিতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, পরিবার প্রতি ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
ভারতের ক্ন্দ্রেীয় সরকারের ভাষ্য, প্রত্যেক পরিবারকে সহায়তা বা ক্ষতিপূরণ দেওয়ার মতো সামথ্য তাদের নেই। তাছাড়া কেবল করোনা রোগীদের ক্ষেত্রে সহায়তা দিলে অন্য রোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে অন্যায় হবে।
গতকাল শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রীয় সরকারের ১৮৩ পৃষ্ঠার হলফনামায় বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে পুরো দেশে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। এ সংখ্যা আরও বাড়বে।
বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে। ফলে সবাইকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়। আইন অনুযায়ী, কেবল ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। মহামারি ব্যাপক আকার ধারণ করায় এই আইন প্রয়োগ করা উচিত হবে না বলেই মনে করে সরকার।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব কম আদায় হয়েছে। এমতাবস্থায় লাখ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের বাজেটের বাহিরে।
ইত্তেফাক/টিএ