প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে বললেন, এখন শান্তিতে ঘুমাতে পারবো

রাতে ঝড়বৃষ্টি হলে ঘরের বারান্দায় বসে থাকতে হতো। টিনের চালা ফুটো থাকায় বৃষ্টির সময় পানি চুইয়ে পড়তো তাই ঠিকমতো ঘুমাতে পারতাম না।  সব সময় ভয়ে থাকতাম কখন যে ঝড়ে ঘরের চালাটুকু উড়ে যায়। হলোও তাই গত বছর কালবৈশাখী ঝড়ে ঘরের চালাসহ ঘরটি উড়ে যায়। সেই থেকে আমার মেয়ের বাড়িতে থাকতাম।

এমন সময় আমার বাড়িতে হাজির উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। তিনি আমাকে জানান আপনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ ২ প্রকল্প থেকে একটি নতুন পাকা ঘর নির্মাণ করে দেয়া হবে। কথাগুলো বলছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ি মধুপুর গ্রামের বাসিন্দা হাওয়াতোন বেওয়া (৮৫)। 

রবিবার ( ২০ জুন) সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় গৃহহীনদের মাঝে ২য় পর্যায়ের ঘর বিতরণের সময় জমির দলিলসহ হাওয়া বেওয়ার হাতে ঘরের চাবি এবং জমির কাগজপত্র বুঝে দেয়া হয়। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আজ থেকে পাকাঘরে শান্তিতে ঘুমাতে পারব। ঘরের চাবি হাতে পেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।

ইত্তেফাক/এসআই