গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনায় রবিবার ভোররাতে ধরা পড়েছে সাড়ে ৪৭ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। পদ্মা-যমুনা নদীর ঢালারচর এলাকার জেলে কালিদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ীদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মাছের আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু শেখ ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে ৫৯ হাজার ১২৫ টাকায় কিনে ফেরিঘাটে তার মাছের আড়তে নিয়ে আসেন। এ সময় স্থানীয়রা মাছটি দেখার জন্য আড়তে ভিড় করেন। মাছ ব্যবসায়ী নুরু শেখ বলেন, ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছটি ৫৯ হাজার ১২৫ টাকায় কিনেছি। মাছটি বেশি দামে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পদ্মা ও যমুনা নদীতে মাঝেমধ্যে বড় বড় কাতলা, পাঙ্গাশ, বোয়াল ও বাঘাইর জাতীয় মাছ ধরা পড়ছে।