খুবির আট শিক্ষক-কর্মকর্তা করোনায় আক্রান্ত

সব পরীক্ষা স্থগিত

খুলনা অফিস

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আট জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে খুলনা অঞ্চলে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বেড়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের (বিভাগ) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার উপ-উপাচার্য ও ডিনদের সঙ্গে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর এস এম আব্দুল আওয়াল, উপ- রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী, সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান মিজু ও তার পরিবার, সেকশন অফিসার নাসির জাহাঙ্গীর, উপ-রেজিস্ট্রার মঈনুল ইসলামের স্ত্রী, সেকশন অফিসার শফিকুল ইসলাম, স্টোর শাখার সেকশন অফিসার শাহরিয়ার সুমনের পরিবার, ল্যাব অ্যাসিস্টেন্ট উজ্জ্বল কুন্ডু এবং ভাস্কর্য ডিসিপ্লিনের অফিস সহকারী লাভলু করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের কর্মচারী রিপনসহ বেশ কয়েক জন জ্বরে আক্রান্ত বলে জানা গেছে।

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম লিপন বলেন, ‘আমাদের কর্মকর্তাদের মধ্যে কয়েক জন করোনায় আক্রান্ত বলে খবর পেয়েছি। এর মধ্যে সেকশন অফিসার নাসির জাহাঙ্গীরের অবস্থা বেশ জটিল হওয়ায় তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, কয়েক জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর করোনায় আক্রান্তের বিষয়ে জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে মিটিংয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের অন্তত এক ডজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হন। তবে তারা এখন সুস্থ।