ট্রিপল মার্ডারের অভিযোগে গৃহকর্তা হিফজুর রিমান্ডে

সিলেট অফিস

সিলেটের গোয়াইনঘাটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অভিযোগে গৃহকর্তা হিফজুরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রবিবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের ছাড়পত্র নেওয়ার পর পুলিশ হেফাজতে হিফজুরকে নেওয়া হয়। পরে তাকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে গোয়াইনঘাট আমলী আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস হিফজুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামের ঘর থেকে হিফজুরের স্ত্রী আলেমা বেগম (৩০), তার দুই সন্তান মিজান (১০) ও আনিছার (৩) লাশ উদ্ধার করে পুলিশ। ঐ ঘর থেকেই হিফজুরকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার রাতে নিহত নারীর বাবা আয়ুব আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় শনিবার হিফজুর রহমানকে গ্রেফতার দেখানো হয়।