স্পোর্টস রিপোর্টার
কাতারে গিয়ে ভালো কিছুই করতে পারেনি ফুটবল দল। বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ে পারফরম্যান্স ভালো হয়নি। অনেক কারণও ছিল ভালো না হওয়ার। তবে এসব ভুলে বাফুফে নতুন কিছু করতে চায়। এশিয়ান কাপ বাছাইয়ের ৩৫ দলের মধ্যে এখন বাংলাদেশ। সেখানে বাংলাদেশ আরো ছয়টি ম্যাচ পাবে। তা নিয়ে বাফুফে টেকনিক্যাল কমিটির সঙ্গে বসেছে। গতকাল বৈঠক হয়েছে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে। সভাপতি আগেই বলেছিলেন তিনি এখন কথা বলবেন না। তখন বাংলাদেশ ফুটবল দল কাতারে অবস্থান করছিল। বাফুফে সভাপতি জানিয়েছিলেন কাতার পর্ব শেষ হওয়ার পর কথা বলবেন। কিন্তু এখনো কথা বলতে চাইছেন না। তার কী পরিকল্পনা তা নিয়ে গতকালও সংবাদমাধ্যম যোগাযোগ করেছিল। কিন্তু সভাপতি কাজী সালাহউদ্দিন এড়িয়ে গেছেন। খবর পাঠিয়েছেন, তিনি টেকনিক্যাল কমিটির সঙ্গে বসছেন। আজ জাতীয় দলের কোচ জেমি ডের সঙ্গে বৈঠক করবেন। কোচকে ডেকে পাঠিয়েছেন বাফুফে সভাপতি। তার পরও আগামীকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সেই অপেক্ষায় থাকলেও সংবাদমাধ্যমের কাছে খবর আছে বাফুফের সভাপতি কাতার পর্ব এবং এশিয়ান কাপের ছয় ম্যাচের পরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি এবং কোচের সঙ্গে বসছেন। সামনের পথ কী হবে, পরিকল্পনা কী হবে। তা নিয়েই বাফুফের চিন্তা। সেপ্টেম্বরেই খেলা শুরু হয়ে যাবে। প্রতি মাসেই খেলা পড়বে। এরই মধ্যে লিগও চলবে। কীভাবে সমন্বয় করে জাতীয় দলের অনুুশীলন এবং খেলায় অংশগ্রহণ করবে সেটিও এখন বড় চিন্তার বিষয়।
কাতারে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের খেলায় আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ভারতের কাছে ২-০ গোলে এবং ওমানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে।