মানিকগঞ্জে রুবেল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জে ব্যবসায়ী রুবেল হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শনিবার ভুক্তভোগী পরিবার ও ইউনিয়নবাসীর আয়োজনে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন করা হয়। এর আগে হাটিপাড়া বাজার এলাকায় রুবেল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অত্র ইউনিয়নের কয়েক শ মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে নিহতের ছোট ভাই শামীম হোসেন, রানা হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কসা আলী ও স্থানীয় নুরুল ইসলাম টিপুসহ অন্যরা বক্তব্য দেন।