শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে সিডিএ চেয়ারম্যানকে সংবর্ধনা

চট্টগ্রাম অফিস

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষকে সংবর্ধনা দিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। গতকাল রবিবার আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যানকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দিত করা হয়। এসময় জাতীয় শুদ্ধাচার পুরস্কার চট্টগ্রামবাসীকে উত্সর্গ করে এম জহিরুল আলম দোভাষ বলেন, সম্মাননা পাওয়ায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, কর্মচারীদের দায়িত্ব আরো বেড়ে গেছে। তিনি সবাইকে কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে পুরস্কারের সম্মান রক্ষা করার আহ্বান জানান। চউক সচিব মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে ও প্রকৌশলী মোস্তফা জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।