ইরানের ১৩তম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬ গুণ বেশি ভোট পেয়ে জয় লাভ করেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ দুপুরে টুইটে এক শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ইব্রাহিম রাইসিকে অভিনন্দন। আমি ভারত ও ইরানের মধ্যকার উষ্ণ সম্পর্ক আরও জোরদার করতে তার সাথে কাজ করার অপেক্ষায় রয়েছি।
Congratulations to His Excellency Ebrahim Raisi on his election as President of the Islamic Republic of Iran. I look forward to working with him to further strengthen the warm ties between India and Iran.
— Narendra Modi (@narendramodi) June 20, 2021
এর আগে ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিপুল ব্যবধানে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ মধ্যপ্রাচ্যের নেতারা। এ সময় তারা ইরানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা ও অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেন।
অভিনন্দন জানানো অন্যান্য নেতাদের মধ্যে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ, দুবাই শাসকের ভাইস-রাষ্ট্রপতি এবং ডি ফ্যাক্টো শেখ মোহাম্মদ বিন রাশিদ, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন বিন জায়েদ, ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল-সায়েদ এবং ফিলিস্তিনের গাজা ভিত্তিক সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ।
ইত্তেফাক/এএইচপি