কামাল লোহানী ছিলেন দেশের সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র, একজন সাহসী সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন কলম সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। গতকাল কামাল লোহানী স্মরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল ছিল কামাল লোহানীর প্রথম মৃত্যুবার্ষিকী। গানে কথায় স্মরণ করা হলো দেশের সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে।
উদীচী শিল্পীগোষ্ঠী তোপখানায় নিজ কার্যালয়ে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ ও ‘হে মহামানব একবার এসো ফিরে’ এই দুটি গান পরিবেশনের পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কামাল লোহানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আলোচনা পর্বে কামাল লোহানীর জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ডাকসুর সাবেক জিএস মোস্তাক হোসেন, কামাল লোহানীর ছেলে সাগর লোহানী প্রমুখ। আরো বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন ও সহ-সভাপতি প্রবীর সরদার। সভাপতিত্ব করেন মাহমুদ সেলিম। আলোচনা পর্ব শেষে কামাল লোহানীর স্মরণে প্রদীপ প্রজ্বালন করা হয়।
পরে সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন, একক সংগীত পরিবেশন করেন হাবিবুল আলম, সাজেদা বেগম সাজু, শিল্পী আক্তার ও স্লোগান। এছাড়া কামাল লোহানীর ব্যবহূত জিনিসপত্র ও তার প্রকাশিত বইয়ের প্রদর্শনীর ব্যবস্থা করা হয় অনুষ্ঠানস্থলে।