মহাসড়কে যানজটের দুর্ভোগ কমানো উদ্দেশ্য

ঢাকা-গাজীপুর রুটে বিশেষ ট্রেন চলাচল শুরু

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১৩ কিলোমিটার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট এড়াতে এবং মানুষের দুর্ভোগ কমাতে গতকাল রবিবার সকাল থেকে চালু হয়েছে গাজীপুর-ঢাকা রুটে তিনটি বিশেষ ট্রেন। সকাল সোয়া ৭টার দিকে সহস্রাধিক যাত্রী নিয়ে তুরাগ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ট্রেন চালু প্রসঙ্গে জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে তুরাগ এক্সপ্রেস, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার ট্রেন তিনটি প্রতিদিন চলাচল করবে। জয়দেবপুর স্টেশনে এ ট্রেন তিনটি দুই থেকে তিন মিনিট বিরতি দিবে। রবিবার সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আর ঢাকা থেকে তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে বিকাল ৫টা ২০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যায়। এটি আবার ঢাকা থেকে ছেড়ে জয়দেবপুর স্টেশনে আসবে সন্ধ্যা ৬টায়। আর কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকাল ৫টা ৩০ মিনিটে। পর দিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির প্রচেষ্টায় গাজীপুরের যানজট এড়াতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য এ ট্রেন সার্ভিস চালু করা হয়।

গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সভাপতি প্রকৌশলী শামসুল হক জানান, যানজটে নাকাল গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ ট্রেন সার্ভিস চালু হওয়ায় গাজীপুরবাসী রেলমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, তুরাগ ট্রেনটি গাজীপুর থেকে ঢাকায় গিয়ে সারা দিন বসে থাকে। এ ট্রেনটিকে সেখানে বসিয়ে না রেখে আরো কয়েক বার যাত্রী পরিবহন করলে আরো অধিকসংখ্যক যাত্রী ঢাকায় যাতায়াত করতে পারত।