মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ভারত। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু দুটোই পাল্লা দিয়ে কমছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৫৩ হাজার ২৫৬ জন। যা গত ৮৮ দিনের মধ্যে সর্বনিম্ন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
আজ সোমবার (২১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ৫৩ হাজার ২৫৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। যা গত ৮৮ দিনের মধ্যে সর্বনিম্ন এবং আগের দিনের তুলনায় প্রায় পাঁচ হাজার কম। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জন।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪২২ জন। যা আগের দিনের তুলনায় দেড় শতাধিক কম। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন। পাশাপাশি সুস্থতার সংখ্যা বাড়ায় প্রতিদিনই সক্রিয় রোগীর সংখ্যা কমে আসছে।
ইত্তেফাক/টিএ