চরফ্যাশনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নিহত ১

ভোলার চরফ্যাশন উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার দুপুরে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরফকিরা কো-ইড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তির নাম মনির হোসেন (২৩)। তার বাড়ি ওই ওয়ার্ডে। 

জানা গেছে, ইউপি সদস্য প্রার্থী ইয়াসিন মাঝি (ফুটবল) ও ইউসুপ শিকদারের (টিউবওয়েল ) সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক জানিয়েছেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের বুকে ও মুখে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। 

শীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন মনির। সংঘর্ষ বাঁধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে। সোমবার (২১ জুন) সকাল ৮টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়ন পরিষদ ছাড়াও লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন, ঝালকাঠী ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে।

ইত্তেফাক/এএএম