দিনাজপুরের বিরামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালের এ্যাম্বুলেন্স, এক্সরে মেশিন, আলট্রাস্নোগ্রাম, ইসিজি, জীবাণু নাশক ট্যানেল ও সব ধরণের অপারেশন বন্ধ রয়েছে। ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা পড়ছেন চরম বিপাকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায় জানান, ড্রাইভার সাময়িক বরখাস্ত থাকায় হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পদে জনবল না থাকায় আলট্রাসোনোগ্রাম, ইসিজি বন্ধ রয়েছে এবং এনেসথেসিয়া ডাক্তার ও সার্জন না থাকায় হাসপাতালের সব ধরণের অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। আর অপারেটর থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে এক্সরে মেশিন ও জীবাণু নাশক ট্যানেল। এসব দুরবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোন সুরাহা পাওয়া যায়নি।
উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, হাসপাতালের অচলাবস্থা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। এছাড়া হাসপাতালে করোনাকালীন সময়ে অক্সিজেন জরুরি হওয়ায় এক্সরে মেশিনের পরিবর্তে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ অচিরেই শুরু করা হবে।
ইত্তেফাক/এসআই