ভিন্ন স্বাদে আম

এই সময়ে মৌসুমী ফল আম সহজলভ্য। সুস্বাদু আমের স্বাদে ভিন্নতা আনতে ঘরে বসেই তৈরি করুন মজাদার রেসিপি। ভিন্ন স্বাদের এই রেসিপিগুলো দিয়েছেন আলভী রহমান শোভন

স্টাফড ম্যাংগো কুলফি

উপকরণ :আম ২টি, দুধ ৫০০ মিলি, চিনি ১/২ কাপ, এলাচ গুঁড়া ১ চিমটি, জাফরান ১ চিমটি, পেস্তা বাদাম কুঁচি ২ টেবিল চামচ।

প্রণালি :প্যানে দুধ জ্বাল হতে দিন। বলক উঠলে চিনি দিয়ে নাড়ুন। এবার এতে এলাচ গুঁড়া এবং দুধে ভেজানো জাফরান দিন। দুধ ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার আমের বোঁটার কাছ থেকে স্লাইস করে ছুরির সাহায্যে এর ভেতরের বীজ বের করে নিন। এবার ভেতরের খালি অংশে জ্বাল দেওয়া দুধ দিয়ে বোঁটার স্লাইস্ড অংশ দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন ৮ ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিন। এবার গোল গোল স্লাইস করে উপরে পেস্তা বাদাম কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন।

ম্যাংগো লেমোনেড

উপকরণ :আম ২ কাপ, লেবুর রস ৪ টেবিল চামচ, সুগার সিরাপ ১/২ কাপ, পানি ১ লিটার।

প্রণালি :প্রথমে আম পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। এবার আমের সঙ্গে বাকি সকল উপকরণ এক সঙ্গে মিশিয়ে গ্লাসে বরফ দিয়ে লেমোনেড ঢেলে পরিবেশন করুন।

ম্যাংগো স্মুথ রাইস পুডিং

উপকরণ :পোলাও চাল ১ কাপ, আম ৪টি, চিনি ২ কাপ, দুধ ২ লিটার, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, জাফরান ১ চিমটি, পেস্তা বাদাম কুঁচি ২ টেবিল চামচ।

প্রণালি :চাল আধা ঘণ্টা ভিজিয়ে সামান্য দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। আম কুঁচি করে ব্লেন্ড করে নিন। প্যানে দুধ দিয়ে জ্বাল হতে দিন। বলক উঠলে ব্লেন্ড করে রাখা চাল দিন। চিনি যুক্ত করে নাড়ুন। এলাচ গুঁড়া এবং দুধে ভিজিয়ে রাখা জাফরান দিন। কিছুটা ঘন হয়ে এলে ব্লেন্ড করা আম দিয়ে মেশান। আরও পাঁচ মিনিট নেড়ে চুলা বন্ধ করুন। এবার ছোট ছোট বাটিতে ঢেলে ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন।