রোহিঙ্গা শিবিরে তাহসান

 বিনোদন রিপোর্ট

 

জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে গত ২০ জুন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যান।

পাশাপাশি তিনি কক্সবাজার সদর হাসপাতালে ইউএনএইচসিআরের সহায়তায় আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) রোগীদের জন্য নির্মিত একটি ল্যাবরেটরি উদ্বোধন করেন।

তাহসান বলেন,‘এই আইসিইউটি কক্সবাজারের প্রথম। যা এক বছর আগে তৈরি হয়েছিল। শুধু এই এক বছরেই এটি অনেকের জীবন বাঁচিয়েছে। আজকের এই ল্যাবরেটরি সেবা যোগ করার মাধ্যমে আরো অনেক রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জীবন রক্ষাকারী চিকিত্সা নিশ্চিত করা যাবে। এটি একটি দারুন উদাহরণ।’

রোহিঙ্গাদের স্বাস্থ্য অবস্থা ছাড়াও তাহসান তাদের সংস্কৃতি ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে কথা বলেন।

শিল্পী জানান, সেখানে চলচ্চিত্র ও সংগীত নিয়ে কাজ করছে একঝাঁক তরুণ। রোহিঙ্গাদের জন্য তৈরি হয়েছে ‘ওমর’স ফিল্ম স্কুল’। সেখানে তারা গান, মিউজিক, ফটোগ্রাফি, ফিল্মের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে। বিষয়টি আমার কাছে দারুণ লেগেছে।