ফুলবাড়ী সীমান্তে এক মণ গাঁজা জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ী উপজেলার গংগাহাট সীমান্তে অভিযানে চালিয়ে এক মণ ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, সোমবার সকাল সাড়ে ১১টায় গংগাহাট সীমান্তে আন্তর্জাতিক ৯৪২ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে গাঁজার চালান বাংলাদেশে নিয়ে আসার সময় কাশিপুর ক্যাম্পের হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে বিজিবির সদস্যরা চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় গাঁজার বড় বড় পোঁটলা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবির টহলরত সদস্যরা গাঁজার পোঁটলাগুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।