ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে দাফনের ৩৯ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে এক কিশোরীর লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার গোরস্থান থেকে উপজেলার উচাখিলা ইউনিয়নের স্বপন মিয়ার মেয়ে স্বর্ণা আক্তারের (১৬) লাশ উত্তোলন করা হয়। উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে স্বর্ণাকে ধর্ষণ ও গর্ভপাত ঘটিয়ে হত্যার অভিযোগ এনে স্বর্ণার বাবা বাদী হয়ে গত ২৪ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন। ৩১ মে মামলাটি ঈশ্বরগঞ্জ থানায় নথিভুক্ত হওয়ার পর সুষ্ঠু তদন্তের স্বার্থে ময়মনসিংহ ডিবিতে স্থানান্তর করা হয়। জেলা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক মামলাটির সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের নিমিত্তে লাশ উত্তোলনের নির্দেশ দেন।
উল্লেখ্য, স্বর্ণা গত ১২ মে রাত ২টায় ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।