নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর এবং কলমাকান্দায় করোনা ভাইরাসের রোগী বেড়ে যাওয়ায় সেখানকার পাঁচটি ইউনিয়নে জেলা প্রশাসন সোমবার থেকে লকডাউন ঘোষণা করেছে। গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যে পাঁচটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে সেগুলো হলো, দুর্গাপুরের কুল্লাগড়া এবং দুর্গাপুর, কলমাকান্দার রংছাতি, খারনই এবং লেংগুরা ইউনিয়ন। সীমান্ত এলাকার সব দোকান বিকাল ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ প্রদান ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, নেত্রকোনায় গত এক সপ্তাহে ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলার পাঁচটি ইউনিয়নে সোমবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।