কিশোরগঞ্জ সদর নতুন জেলখানার মোড় হতে প্রায় এক কিলোমিটার উত্তরে কিশোরগঞ্জ মহাসড়কের পাশে পৌরসভার ময়লা আবর্জনা ফেলে রাখায় দুর্ভোগে আশপাশ এলাকাবাসী ও পথচারী। এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহ, সিলেট, ভৈরব আরো বিভিন্ন জায়াগায় মালবাহী ট্রাক ও যাত্রী পরিবহন আসা যাওয়া করে থাকে দিনরাত ২৪ ঘণ্টা। বর্ষাকালে দেখা যায় ময়লা আবর্জনার স্থলে বৃষ্টির পানি জমে মহাসড়কে দুর্ঘটনা ঘটে থাকে। কাক-কুকুর ময়লাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় নিয়ে আসে। আবার দেখা যায় বাতাস এলে ময়লাগুলো চারিদিকে উড়ে গিয়ে ছড়িয়ে পড়ে। এতে করে দেখা যায় বৃষ্টি হওয়ার পর রাস্তা পিচ্ছিল হয়ে যায়। তখন আর গাড়ির ব্রেক কাজ করে না। তাই অহরহ দুর্ঘটনা ঘটছে। কখনো আবার নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন খাদেও পড়ে যায়। তাই দ্রুত ময়লার স্থান পরিবর্তন কিংবা ১০ফুট দেয়াল তুলে বেষ্টিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
মাহমুদ নাঈম, সদর, কিশোরগঞ্জ