ধ্বংস হয়ে যাচ্ছে অনেকের শিক্ষাজীবন

প্রায় দেড় বছর যাবত্ দেশ করোনা মহামারীর কবলে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একের পর এক সংক্রমণের ঢেউ আসছে, আক্রান্ত ও মৃতের সংখ্যাও বাড়ছে। এই ভাইরাসের প্রতিরোধ বা প্রতিকার সম্পর্কে নিশ্চিতভাবে সুনির্দিষ্ট কোনো উপায় এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। এ পর্যন্ত করোনা ভাইরাস নিয়ে বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা থেকে জানা গেছে যে, আপাতত একমাত্র ভ্যাকসিন ও মাস্ক ব্যবহারের মধ্য দিয়েই এই ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করা যেতে পারে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আমরা দেশের মানুষকে মাস্ক ব্যবহার করতে যেমন ব্যর্থ হচ্ছি তেমনি বেশিরভাগ মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা এখনো সম্ভব হয়নি। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রশাসনের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা পালন করা উচিত। আমাদের মনে রাখতে হবে, শিক্ষা ব্যবস্থা বন্ধ রেখে দেশের চার-পাঁচ কোটি শিশু, কিশোর ও তরুণের জীবনকে যে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তার ফলাফল করোনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে।

বিপ্লব বিশ্বাস

ফরিদপুর