স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের আর্চারির জন্য বড় একটা খবর এসেছে। আরো একজন আর্চার দিয়া সিদ্দিকীর টোকিও অলিম্পিকে খেলার সুযোগ এসেছে। তবে রোমান সানার মতো যোগ্যতা অর্জন করে নয়, দিয়া খেলবেন ইনভাইটেশন প্লেসে। এই পদ্ধতিতে বিশ্বের চার আর্চারকে সরাসরি টোকিও অলিম্পিকে খেলা র সুযোগ করে দেওয়া হয়েছে। যারা কোয়ালিফিকেশন রাউন্ড খেলে যোগ্যতা অর্জন করতে পারেননি কিন্তু পারফরম্যান্স খুব ভালো, সেসব আর্চারের মধ্যে যাচাই-বাছাই করে চার খেলোয়াড়কে টোকিও অলিম্পিকে খেলার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক আর্চারি সংস্থা। এই চার জনের মধ্যে বাংলাদেশের দিয়া সিদ্দিকী একজন।
বাংলাদেশ আর্চারি দল প্যারিসে অলিম্পিক কোয়ালিফিকেশন রাউন্ড খেলতে গিয়েছিল। সেখানে দিয়া সিদ্দিকী আর্জেন্টিনার আর্চারকে হারালেও নিজে হেরে যান স্লোভেনিয়ার কাছে। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানিয়েছেন, ইনভাইটেশন প্লেসের মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করতে পারবে বলে ত্রিপক্ষীয় কমিশন আজ নিশ্চিত করে। ফ্রান্সের প্যারিসে গতকালকের পারফরম্যান্সের ভিত্তিতে সারা বিশ্বের চার জন আর্চারকে টোকিও অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য নির্বাচিত করেছে। তার মধ্যে বাংলাদেশের দিয়া সিদ্দিকী রয়েছেন। আর্চারি দল এখন বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।