দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাসানুজ্জামানের

স্পোর্টস রিপোর্টার

পাঁচ বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে আগুনে ব্যাটিংয়ে হাসানুজ্জামানকে চিনেছিল বাংলাদেশের ক্রিকেট। যশোরের ছেলে হাসানুজ্জামান পরে বিপিএলে খেললেও নিজেকে প্রমাণ করতে পারেননি। ডানহাতি এ ওপেনারের ব্যাট গতকাল আবারও জ্বলে উঠল স্বমহিমায়। বিকেএসপিতে রেলিগেশন লিগে পারটেক্স স্পোর্টিংয়ের হয়ে ৪৮ বলে সেঞ্চুরি করেছেন ৩০ বছর বয়সি হাসানুজ্জামান।

টি-২০ তে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। গত বছর ৪২ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা পারভেজ হোসেন ইমনের দখলে। তৃতীয় স্থানে তামিম ইকবাল, ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে। ক্রিকেটের খুদে ফরম্যাটে সেঞ্চুরি করা বাংলাদেশের ১০ম ব্যাটসম্যান হাসানুজ্জামান। এবার প্রিমিয়ার লিগে মিজানুর রহমানের পর সেঞ্চুরি পেলেন ডানহাতি এ ওপেনার।

তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। বিকেএসপিতে ওল্ডডিওএইচএসের কাছে ২৩ রানে হেরে গেছে হাসানুজ্জামানের দল পারটেক্স। রান উত্সবের ম্যাচে গতকাল ওল্ডডিওএইচএস আগে ব্যাট করে ২ উইকেটে ১৯৯ রান তুলেছিল। রাকিন আহমেদ ৫৮ বলে অপরাজিত ৯২ (১১ চার, ৩ ছয়), মোহাইমিনুল খান অপরাজিত ৫০ ও আনিসুল ইমন ৩৪ রান করেন।

জবাবে হাসানুজ্জামানের সেঞ্চুরির পরও ৮ উইকেটে ১৭৬ রানের বেশি করতে পারেনি পারটেক্স। ৫২ বলে ১০৫ রানের (১১ চার, ৭ ছয়) ইনিংস খেলে আউট হন হাসানুজ্জামান। দল হারলেও ম্যাচ সেরা হয়েছেন তিনি। আব্বাস মুসা ৩১, জয়রাজ শেখ অপরাজিত ১৬ রান করেন। ওল্ডডিওএইচএসের আব্দুর রশিদ ৩টি, রাকিবুল-পায়েল ২টি করে উইকেট নেন।