স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজ ৬ আগস্ট থেকে শুরু হবে। এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা থাকলেও সেটি অনিশ্চিত। যদি হয়, সেটি ঢাকার বাইরে হতে পারে। তা ছাড়া করোনায় সাফের কোনো দলই আগ্রহ দেখায়নি এখনো। সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন সাফের মিটিং ডাকবেন বলে গতকাল জানিয়েছেন।
এশিয়ান কাপের বাছাইয়ে খেলবে বাংলাদেশ। জাতীয় দলের কোচ জেমিকে বলা হয়েছে তার পরিকল্পনা দিতে। জেমি ডে গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে এশিয়ান কাপ ফুটবল বাছাই নিয়ে কথা হয়েছে। জেমি বাফুফে সভাপতির রুম থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাফুফের সভাপতি তার কাছে পরিকল্পনা চেয়েছেন। জেমি বলেন, ‘আমি এশিয়ান কাপের জন্য লম্বা প্রস্তুতির কথা বলেছি। ক্লাবগুলোর সহযোগিতার কথা বলা হয়েছে। জাতীয় দলের অনুশীলন নির্বিঘ্নে করতে হলে ক্লাবগুলোর সহযোগিতা প্রয়োজন হবে। আমি আশা করি সেটা পাব।’
এশিয়ান কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চান জেমি। কাতারে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে একটা ম্যাচ খেলা হয়েছিল। এ ধরনের ম্যাচ দিয়ে জাতীয় দলের সত্যিকারের প্রস্তুতি নিতে হলে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে।
জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের নেওয়ার বিষয়েও কথা বলেছেন জেমি। কেউ যদি আগ্রহী হয়ে ক্লাব ফুটবলে খেলে থাকেন, তাহলে তাকে ক্লাব ফুটবলে প্রমাণ দিয়ে জাতীয় দলের দরজায় আসতে হবে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন কোচ জেমির ওপর সন্তুষ্ট কি না—এমন প্রশ্নে জেমি বলেছেন, ‘অসন্তুষ্ট না। উনি আমাকে পরিকল্পনা দিতে বলেছেন।’ পরে অবশ্য বাফুফে সভাপতির রুমে সাংবাদিকেরা প্রবেশ করলে সেখানে অনানুষ্ঠানিক আলোচনায় সালাহউদ্দিন জানিয়েছেন, একসঙ্গে এত ফুটবলার ইনজুরিতে, হলুদ কার্ড পেয়ে মাঠে নামতে পারেনি, কোচকে বলে আর কী আর লাভ!