দেড় সহস্রাধিক পাচারকারী গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত সাড়ে পাঁচ মাসে ৩ টন গাঁজা ও ইয়াবাসহ প্রায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। এ সময় দেড় হাজারেরও বেশি মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার ফারুক আহমেদ।
পুলিশ সুপার জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত গত পাঁচ মাসে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা, ৩ টন গাঁজা, সাড়ে ৮ হাজার বোতল ফেনসিডিলসহ ৮ কোটি ৭৩ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় পুলিশ ১ হাজার ৬১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক উদ্ধার অভিযান আরো বেগবান করতে জেলার প্রতিটি থানা এলাকায় কর্মকৌশল গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের, মাদকবিরোধী প্রচার-প্রচারণা, ইউনিয়নভিত্তিক মাদকমুক্ত কার্যক্রম পরিচালনা, সাজা-বিচার, মাদকের উত্স-রুট, মাদকপ্রবণ এলাকাগুলো চিহ্নিতকরণ ও মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, মো. আফজাল হোসেন, সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, ডিআই-ওয়ান মাঈন উদ্দিন খান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আনওয়ারুল আজিম, কোতোয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।