নরসিংদী প্রতিনিধি
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নরসিংদী শহরের ঘোড়াদিয়ার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুরারী মোহন সাহাসহ ১৪ জন শহিদ স্মরণে গতকাল সোমবার ঘোড়াদিয়া গ্রামে তার নিজ বাড়িতে স্মরণসভা ও কাঙালিভোজের আয়োজন করা হয়। অধ্যাপক পুনিল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতা মো. আতাউর রহমান ভূইয়া। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, চিনিশপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পাঠান, শহিদ মুরারী মোহনের পুত্র বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা প্রমুখ। সভা পরিচালনা করেন চিনিশপুর ইউপি সদস্য নারায়ণচন্দ্র সাহা।
বক্তাগণ বলেন, ১৯৭১ সালের এই জুন মাসে ঘোড়াদিয়া গ্রামের মুরারী মোহন সাহার পরিবারের লোকজনসহ একই গ্রামের ১৪ জন লোককে ১৬ জুন থেকে ২১ জুনের মধ্যে নৃশংসভাবে হত্যা করেছিল। পাকিস্তানি বাহিনীর পক্ষে তত্কালীন রাজাকার ও আলবদর কমান্ডার মতিউর রহমান মতি শিকদারের নেতৃত্বে তার বাহিনী নিরীহ গ্রামবাসীকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয়। পরে পাকিস্তানি বাহিনী বেয়নটের আঘাতে এবং গুলি করে নৃশংসভাবে হত্যা করে।