পশ্চিমবঙ্গ ভেঙে বিজেপির একাংশের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এই দুই রাজ্য গড়ার। কিন্তু এবার রাজ্যটি ভেঙে তিনটি রাজ্য গড়ার দাবি তুলেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আরেকটি অংশ। আগের দুই রাজ্যের পাশাপাশি এবার রাজ্যের ৯ জেলা নিয়ে পৃথক জঙ্গলমহল রাজ্য গড়ার দাবি তোলা হয়েছে। নতুন এই দাবির পক্ষে বিজেপির এমপি সৌমিত্র খাঁ বলেছেন, ‘১৮০৩ থেকে ১৮৩২ পর্যন্ত পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে পৃথক জঙ্গলমহল জেলা ছিল। সেগুলো নিয়েই আলাদা রাজ্য করা হোক। এতে উন্নয়ন ভালো হবে। যেমনটা আসাম রাজ্য ভেঙে মণিপুর, মিজোরাম রাজ্য করায় হয়েছে।’
এদিকে বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে বিজেপি নেতৃত্বের অন্য অংশ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার মালদা এবং সিউড়িতে বলেছেন, ‘রাজ্য ভাগের কথা বিজেপি মানে না। জন বার্লা বা সৌমিত্ররা যা বলেছেন, তা তাদের ব্যক্তিগত মত।’? উল্লেখ্য, এর আগে বিজেপির এমপি জন বার্লা পশ্চিমবঙ্গের উত্তরের আট জেলা নিয়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলে বসে আছেন। বাকিগুলো নিয়ে হবে দক্ষিণবঙ্গ।
বিজেপির এমপিদের এই দাবি নিয়ে সমালোচনায় সরব হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, ‘বিজেপি নতুন গেমপ্ল্যান করছে। পশ্চিমবঙ্গ সরকারকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। ওরা যত এই ধরনের মন্তব্য করবে, পশ্চিমবঙ্গের মানুষ আরো তাদের আসল রূপ বুঝতে পারবে।’ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘বিজেপি একদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে অন্যদিকে রাজ্য ভাগের দাবি তুলছে। এই যে দ্বিচারিতা, এটাই ওদের রাজনীতি।’ প্রদেশ কংগ্রেস সভাপতি ও এমপি অধীর চৌধুরী এর সমালোচনায় বলেছেন, ‘পশ্চিমবঙ্গ ধ্বংসের সংকীর্ণ রাজনীতি করছে বিজেপি। এর আগেও উত্তরবঙ্গকে ভাগ করার জন্য গোর্খাল্যান্ড, কামতাপুরী আন্দোলন হয়েছিল।’