আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যে সাতটি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে, তার যে কোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার সঙ্গে সাত জেলার যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে সরকার। গতকাল সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সীগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।