বিদ্রোহীদের দলের কোনো পদে রাখা হবে না :হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন পরিচালনা করেছে, বিশেষ করে দলের প্রতীক নৌকা যারা  পেয়েছে, তাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছে, যারা দলের প্রার্থীর বিরুদ্ধে সরাসরি নির্বাচনে অংশ নিয়েছে তাদের দলের  কোনো পদে রাখা হবে না। সম্মেলনের সময় বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে। গতকাল সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

হানিফ বলেন, যারা বয়োজ্যেষ্ঠ তাদের আরো উঁচু পদে থাকতে হবে। যারা দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ করে ৪০ ও ৫০ বছর পার করেছেন তাদেরকে মূল দলের মধ্যে নেওয়া হবে। আমাদের দরকার নবীন ও প্রবীণের সমন্বয়ে সংগঠনকে আরো শক্তিশালী করা। বিষয়টি নগরের নেতাদের মাথায় রাখতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বক্তব্য রাখেন :কেন্দ্রীয় নেতা শফিউল আলম নাদের, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অর্থ পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. সুনীল সরকার, অ্যাড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।