গাজা থেকে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে ইসরায়েল

শর্তসাপেক্ষে গাজা উপত্যকা থেকে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে জাতিসংঘের মধ্যস্থতাকারী টর উয়েনসল্যান্ডের সঙ্গে বৈঠকে হামাস নেতা ইয়াহিয়া আল-সিনওয়ার জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে যতটুকু বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, সেটা পর্যাপ্ত নয়।

সোমবার (২১ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এই রপ্তানির অনুমতির মধ্য দিয়ে ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাতের প্রায় একমাস পর সোমবার গাজা থেকে পণ্য রপ্তানির পথ খুলেছে। গাজার সীমান্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিধিনিষেধ উঠে যাওয়ায় দুই থেকে তিন দিনের মধ্যে কৃষিপণ্য ও কাপড় রপ্তানি করতে পারবেন গাজার রপ্তানিকারকেরা। 

মে মাসের সংঘাতের পর থেকে হামাসের প্রতি কড়া বার্তা দিতে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছিল ইসরায়েল। এতে মিসরের সমর্থন পায় দেশটি। ফলে ইসরায়েলের বিধিনিষেধে গাজা থেকে বন্ধ হয়ে যায় পণ্য রপ্তানি।

ইত্তেফাক/এসএ