মিতু হত্যা :রিমান্ড শেষে মুসার ভাই সাকু কারাগারে

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সাকুর আইনজীবী রশিদুল ইসলাম তালুকদার এ তথ্য জানান।

এর আগে সাকুকে গত ১৩ মে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। নিখোঁজ কামরুল সিকদার ওরফে মুসার বড় ভাই সাকুকে রাঙ্গুনিয়ার রাণীরহাট থেকে গত ১২ মে রাতে গ্রেফতার করে র্যাব-৭।  মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।