বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও এসএম মনিরুজ্জামানকে ডেকে পাঠিয়েছে আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি ধরতে গঠিত ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে আজ মঙ্গলবার তাদের দেখা করতে বলা হয়েছে।
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক মো. শাহ আলমের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির তথ্য ওঠার পর আদালতের নির্দেশে গত ফেব্রুয়ারিতে এ কমিটি গঠন করা হয়। এ কমিটিতে বাংলাদেশ ব্যাংকের আরো কয়েক জন কর্মকর্তা ও সাবেক এক বিচারপতি রয়েছেন।
জানা গেছে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সব পর্যায়েও তারা সাক্ষাত্কার নিয়েছেন। এরই ধারাবাহিকতায় আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাবেক দুই ডেপুটি গভর্নরকে ডাকা হলো।