শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমাদের অনলাইন এডুকেশন চলমান রয়েছে। শিক্ষার্থীরা যেন তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারে। এটাকে আরো জোরদার করতে হবে। কোভিডকালীন আমরা একটি ঢেউয়ের মধ্যদিয়ে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ মহামারির মধ্যে অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের উচ্চশিক্ষার গুণমান নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। অনলাইন শিক্ষকতায় এই প্রশিক্ষণ আরো বেশি কাজে লাগবে।
তিনি গতকাল সোমবার অনলাইন প্ল্যাটফরম জুম অ্যাপের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অনলাইনে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ পর্যালোচনা ও মূল্যায়ন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘শিক্ষার গুণমান উন্নয়নে শিক্ষকরাই বাতিঘর। তারাই শিক্ষার্থীদের কাছে আদর্শ। প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকরা এসব শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দেবেন। তারা শুধু শেখাবেন তা-ই নয়, তাদেরকে মানবিক ও নৈতিক মূল্যবোধে গুণান্বিত হতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন।