শিক্ষার্থীদের করোনা প্রতিষেধক টিকা দিয়ে আবাসিক হল খোলার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। তবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী করোনা টিকা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। শিক্ষার্থীরা গত মার্চে টিকা প্রাপ্তির জন্য আবেদন করেও এখন পর্যন্ত নির্দিষ্ট কোন তথ্য পায়নি বিশ্ববিদ্যালয় থেকে।
শিক্ষার্থীরা জানান, ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি। আমরা অতিদ্রুত টিকা গ্রহণ করতে চাই।
প্রশাসনের যথাযথ পদক্ষেপের অভাবে টিকা কর্মসূচি গতি পাচ্ছেনা বলে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন।
করোনা প্রতিষেধক টিকার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউজিসিতে বিশ্ববিদ্যালয়ের ৪৬৭৭ জন শিক্ষার্থীর তথ্য পাঠিয়েছি। যাদের জাতীয় পরিচয়পত্র নেই এবং শিক্ষার্থীরা কোথা থেকে টিকা গ্রহণ করবে এসব বিষয়ে ইউজিসির সিদ্ধান্ত পেলে বিস্তারিত জানাতে পারব।’
এ বিষয়ে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, ‘আমরা ইউজিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। শিক্ষার্থীদের টিকাদানের
একদম সঠিক তারিখ বলতে পারব না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
প্রশাসন নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিন চারটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হয়ত টিকাদানের কার্যক্রম শুরু হয়েছে, অন্য সব বিশ্ববিদ্যালয়ই বাকি। তাই ধৈর্য ধরতে হবে, অবশ্যই শিক্ষার্থীরা টিকা পাবে।’
ইত্তেফাক/এমআর