রাজশাহীতে সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা

রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। তবে কমেনি করোনা ও উপসর্গে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার (২২ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ নিয়ে চলতি মাসের ২২ দিনে (১ থেকে ২২ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২২৯ জন। এর মধ্যে ১১০ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।


 
পরিচালক জানান, নতুন মৃতদের ১২ জনই রাজশাহীর (পজেটিভ ৫, উপসর্গে ৭), একজন নাটোরের (উপসর্গে) মারা যান। মৃতদের ১০ জন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুইজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন ও ৬১ প্লাস বছর বয়সী ৯ জন রয়েছেন।


এদিকে ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৬ জন। এরমধ্যে রাজশাহীর ৩৭, চাঁপাইনবাবগঞ্জের ৫, নাটোরের ৭, নওগাঁ ৫, কুষ্টিয়া ১ ও অন্যান্য ১ জন। একই সময় সুস্থ্য হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন। সোমবার রাজশাহীর দুই ল্যাবে রাজশাহীর ৩৮৫ জনের নমুনা পরীক্ষয় ১২৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। দুই জেলার ৪৬২ নমুনা পরীক্ষায় ১৫২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। 

এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ৩৩ দশমিক ৫১%, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ২৯ দশমিক ৮৭%। ফলাফলে আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৮ শতাংশ কমে না শনাক্তের হার হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ। যা আগের দিন রবিবার ছিল ৪৩ দশমিক ১৯ শতাংশ।

পরিচালক আরও বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩০৯ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৯৩ জন। সোমবার ভর্তি ছিলেন ৪০২ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগিদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬১, নাটোরের ৩৩, নওগাঁর ৩০, পাবনার ৭, কুষ্টিয়ার ৫, চুয়াডাঙ্গার ১ ও অন্যান্য ২ জন।উল্লেখ্য, করোনা ও উপসর্গে গত ১ জুন সাত, ২ জুন সাত, ৩ জুন নয়, ৪ জুন ১৬, ৫ জুন আট, ৬ জুন ছয়, ৭ জুন ১১, ৮ জুন আট, ৯ জুন আট, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন চার, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩, ১৭ জুন ১০, ১৮ জুন ১২, ১৯ জুন ১০, ২০ জুন ১০ ও ২১ জুন ১৩ জন মারা যান।

ইত্তেফাক/এসজেড