অনেক দিন আগের কথা। পৃথিবী জুড়ে কেবল রাজ্যের লম্বা লেজওয়ালা ভাল্লুকের ছড়াছড়ি। একদিন এক ভাল্লুক খাবারের খোঁজে বেরোয়। পথে এক শেয়ালের সাথে দেখা। শেয়ালের মুখে ঝোলাভরা মাছ।
ভাল্লুক বলে, ‘শেয়াল ভাই, কোথায় পেলে এতো মাছ।’ শেয়াল জানায়, ‘এ তো ভারি সোজা। বরফ-পুকুর থেকে মাছগুলো জোগাড় করেছি। তুমিও এমন সব মাছ পেতে পারো। আগে বরফের মাঝে একটা গর্ত খোঁড়। আর গর্তে লেজটা ঢোকাও। বোকা মাছগুলো লেজটাকে খাবার ভেবে গর্তে ঢুকবে। অমনি সব মাছ গর্তে আটকা পড়বে।’
ভাল্লুক তখনই শেয়ালের কথায় রাজি। ভাল্লুক বরফের গর্তে লেজ ডুবিয়ে বসে আছে। অনেক সময় পেরিয়ে যায়। উহ্, কি ভীষণ ঠান্ডা! মাছের আর দেখা নেই। একসময় লেজটার চারদিক বরফে ছেয়ে যায়। গর্তে লম্বা লেজটা আটকা পড়ে। অনেক টেনেও কোনো সুরাহা হয় না। শেষমেষ ভাল্লুক লেজের খানিকটা গর্ত-ছাড়া করে।
সেই থেকেই ভাল্লুকের একটুখানি লেজ।
কুতুব আজাদ