সুজানগরে বাড়ছে নৌকার কদর

সুজানগরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌকার কদর বাড়ছে। বিশেষ করে পদ্মা পাড়ের পেশাদার জেলে ও মত্স্যজীবীরা পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার জন্য নতুন নৌকা কেনার পাশাপাশি পুরাতন নৌকা মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

উপজেলা মত্স্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ৫ হাজার মত্স্যজীবী আছেন। ঐসব মত্স্যজীবীরা পদ্মা নদীতে এবং উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে বর্ষার নতুন পানি আসার পর থেকে চৈত্র মাস পর্যন্ত মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আর নদী ও বিলে মাছ ধরার একমাত্র বাহন নৌকা। সে কারণে আষাঢ় মাসে পদ্মা নদী ও গাজনার বিলে পানি বৃদ্ধি পাওয়া মাত্র মত্স্যজীবীরা নৌকার জন্য মহাব্যস্ত হয়ে পড়েন। তাই এই সময়ে এদের মধ্যে সচ্ছল মত্স্যজীবীরা ইঞ্জিনচালিত নতুন নৌকা কিনতে এবং নিম্নমধ্যবিত্ত মত্স্যজীবীরা পুরাতন নৌকা মেরামতে করতে ব্যস্ত সময় পার করেন। এছাড়া এ সময় পদ্মা নদীর সাতবাড়ীয়া, রাইপুর এবং নাজিরগঞ্জ খেয়াঘাটের মাঝিরাও খেয়া পারাপারের জন্য নতুন নৌকা কেনেন। ফলে প্রতি বছর এ সময় উপজেলায় নৌকার বেশ কদর ও চড়া দাম থাকে।

উপজেলার মানিকহাট গ্রামের জেলে আন্তু শেখ জানান, বর্তমানে যেমন তেমন একটি ইঞ্জিনচালিত নতুন নৌকার দাম ৩০/৩৫ হাজার টাকা। অথচ অন্য সময় ঐ মানের নৌকা ২০/২৫ হাজার টাকায় পাওয়া যায়। উপজেলার তারাবাড়ীয়া গ্রামের জেলে আকবর আলী বলেন, বর্ষা মৌসুমে নৌকার ব্যাপক চাহিদা থাকে। আর এ সুযোগে নৌকা তৈরির কারিগররা চড়া দামে নৌকা বিক্রি করেন।