বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোম ও মঙ্গলবার এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সুনামগঞ্জ :দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস মোড়ে এই হতাহতের ঘটনা ঘটে। দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই দেবাশীষ সূত্রধর বলেন, নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
শরণখোলা (বাগেরহাট) :শরণখোলায় মঙ্গলবার সকালে বালিবাহী ট্রলি চাপায় সিফাত (১২) নামের এক কিশোর মারা গেছে। উপজেলার উত্তর শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরব নগর নামক স্থানে সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় সারথী রানী সরকার (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশের এসআই মলয় কুমার জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।