জয়পুরহাটে অপহরণ মামলার পলাতক আসামি জেলহাজতে

অপহরণ মামলায় সাত বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মতিন মণ্ডলকে ৩২ বছর পর গ্রেফতার করেছে কালাই থানাপুলিশ। সোমবার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে মঙ্গলবার সকালে আব্দুল মতিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, ১৯৮৯ সালের ২৫ জুন মঞ্জুরুল হক নামে এক শিশুকে অপহরণের অভিযোগে কালাই থানায় অপহরণ মামলা হয়। আসামি ছিলেন কালাই উপজেলার ইটাইল গ্রামের আব্দুল মালেক মণ্ডলের ছেলে আব্দুল মতিন মণ্ডল (৬০) ও একই গ্রামের ভোলা সাখিদারের ছেলে সাকামুদ্দিন সাখিদার। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দুই জনকেই সাত বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। সাকামুদ্দিন সাখিদার সাজা ভোগ করলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আব্দুল মতিন মণ্ডল। সোমবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কালাই থানাপুলিশ।

ওসি সেলিম মালিক জানান, আদালতের মাধ্যমে মঙ্গলবার সকালে আব্দুল মতিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।