ধর্মব্যবসায়ীরা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত —মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আমাদের মহান মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি ও ধর্মব্যবসায়ীরা আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। ভারতের দালাল ট্যাগ লাগিয়ে এদেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে, যা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জননেত্রী শেখ হাসিনা পরিষদ আয়োজিত আলোচনাসভায় এমন মন্তব্য করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সংগঠনপ্রিয়। আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্যে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদক হয়েছেন। দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে অভিজ্ঞ করতে বঙ্গবন্ধুর আন্তরিকতা আর সাংগঠনিক তত্পরতা চিরস্মরণীয়, যা আমাদের অনুপ্রাণিত করে।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমানে পদ্মা সেতুর মতো দ্বিতীয় বৃহত্ প্রকল্প মডেল মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, স্বাধীনতাবিরোধী ও ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য-উপাত্ত তুলে ধরতে এবং ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধভাবে অনলাইন ও মাঠে প্রতিরোধ গড়তে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. মনির খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. অমল কুমার ঘোষের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংগঠনের সহসভাপতি ডা. এস এম মোস্তফা জামান, মনোয়ারা বেগম চৌধুরী মুন্নি প্রমুখ।