ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের গত আসরের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জ। এবার টি-২০ ফরম্যাটে এসে সেই দলটি পড়ে গেছে খাদের কিনারে, রেলিগেশনের শঙ্কায়। গতকাল রেলিগেশনের লজ্জা থেকে রূপগঞ্জকে বাঁচিয়ে দিয়েছেন নাঈম ইসলাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অধিনায়ক নাঈমের ১৪ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিওতে দুরন্ত জয় পেয়েছে ক্লাবটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ডিএল মেথডে ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। এই জয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে টিকে থাকল ক্লাবটি। প্রথম বিভাগে অবনমনের হাত থেকে বেঁচে যাওয়া রূপগঞ্জের সংগ্রহ ১২ ম্যাচে ৯ পয়েন্ট। রেলিগেশন লিগের অপর দুই দল ওল্ড ডিওএইচএস ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। গতকাল নিজেদের শেষ ম্যাচে হেরে যাওয়া ওল্ড ডিওএইচএস ১৩ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে। ১২ ম্যাচে পারটেক্সের আছে ১ পয়েন্ট। এবারের আসরে কোনো ম্যাচই জিতেনি ক্লাবটি। তাই প্রথম বিভাগে ওল্ড ডিওএইচএস ও পারটেক্সের অবনমন নিশ্চিত হয়ে গেছে। যদিও আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে রেলিগেশন লিগের তৃতীয় ও শেষ ম্যাচে পারটেক্সের মুখোমুখি হবে রূপগঞ্জ। ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। ম্যাচটি এখন নিছক আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। গতকাল ওল্ড ডিওএইচএসকে হারানোর পরীক্ষাটা পাড়ি দিয়েছে রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলামের ব্যাটে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ওল্ড ডিওএইচএস ১৮ ওভারে ৬ উইকেটে ১১৭ রান তুলেছিল। আনিসুল ইমন ৫১, মাহমুদুল হাসান জয় ২০, আলিস আল ইসলাম অপরাজিত ২০ রান করেন। পরে ডিএল মেথডে রূপগঞ্জের টার্গেট দাঁড়ায় ১৮ ওভারে ১২২ রান। ১৭.১ ওভারে ৪ উইকেটে ১২২ রান তুলে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। শেষ দিকে অভিজ্ঞ নাঈম ইসলাম রান বলের দূরত্ব ঘুচিয়ে দেন ঝড়ো ব্যাটিংয়ে। ১৪ বলে অপরাজিত ২৭ রান (৪ চার, ১ ছয়) করেন তিনি। সাব্বির ৩০, মেহেদী মারুফ ৩০, আজমীর ২০ রান করেন। ম্যাচ সেরা হন নাঈম।