চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে আবারও পাঁচ শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানাপুলিশ। গতকাল মঙ্গলবার (২২ জুন) দালালের মাধ্যমে সাগর পথে ভাসান চর থেকে তারা পালিয়ে এসে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডুকে পড়ে। রোহিঙ্গাদের বহন করা ট্রলার সাগরের কূলে ভিড়তে দেখে জেলেরা স্থানীয়দের ফোনে খবর দেয়। স্থানীয়রা ধাওয়া করলে দালালরা সুপার ডাইক সড়কে রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে দ্রুত ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃত রোহিঙ্গারা জানায়, চট্টগ্রাম শহরে আসার জন্য তারা ট্রলার মালিককে জনপ্রতি ৫ হাজার টাকা দিয়েছেন। তাদের উদ্দেশ ছিল সেখান থেকে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফিরে যাবেন।
অর্থনৈতিক অঞ্চলের ঠিকাদার নাজিম উদ্দিন বলেন, রোহিঙ্গাদের ট্রলার দেখে সাগর থেকে জেলেরা আমাকে ফোনে জানান, ভাসানচর থেকে দালালের মাধ্যমে ট্রলারযোগে তারা সুপার ডাইকে এসে ওঠে। আমি স্থানীয় জনগণকে নিয়ে তাদের আটক করে বেজা ম্যানেজারকে জানাই। পরে তাদের নিয়ে জোরারগঞ্জ থানায় নিয়ে যাই।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানান, কক্সবাজার কুতুপালং ক্যাম্পের উদ্দেশে তারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে আসেন। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে। প্রসঙ্গত, গত ৩১ মে ভাসান চর থেকে পালিয়ে আসা আরো ১০ রোহিঙ্গাকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে আটক করেছিল জোরারগঞ্জ থানাপুলিশ।