যথাযথ পদক্ষেপেই বাংলাদেশ এসডিজি বাস্তবায়নকারী শীর্ষ দেশের একটি হতে পেরেছে ----------------------- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের ফলেই বাংলাদেশ আজ এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ তিন দেশের একটিতে পরিণত হতে পেরেছে। তিনি গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পূর্বে মুজিববর্ষ উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকাশিত স্মারকগ্রন্থ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’-এর মোড়ক উন্মোচনকালে দেওয়া ভাষণে এ কথা বলেন। তিনি গণভবন থেকে এবং পরিকল্পনা মন্ত্রীসহ সংশ্লিষ্টরা শেরে বাংলা নগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি এবং আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলো গ্রহণ করেছি।             আবার বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণাপত্র, গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহারেও দেশের উন্নয়নের কথা চিন্তা করে আমরা বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছি এবং সরকার গঠনের পর থেকেই নানা কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছি। তিনি বলেন, বিশেষ করে এই করোনাকালে যখন সমগ্র বিশ্বের অর্থনীতি স্থবির সে সময় বাংলাদেশ একদিকে করোনা ভাইরাস মোকাবিলা ও মানুষকে সুরক্ষিত করা—অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখতে পেরেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি আমরা সবাই মিলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি বলেই এই অর্জন সম্ভব হয়েছে। তবে, আমাদের আরো অনেক দূর যেতে হবে। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নেও বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল উল্লেখ করে তিনি বলেন, এমডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিল এবং এসডিজির ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি। তবে তার সরকারকে অনেক ঘাত-প্রতিঘাত এমনকি মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করেই আজকের অবস্থানে আসতে হয়েছে স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। দুর্যোগ ব্যবস্থাপনায় জাতির পিতা যেসব পদক্ষেপ নিয়েছিলেন তা আমাদের জন্য ‘মাইলফলক’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তার সরকারের যে সাফল্য সেগুলো জাতির পিতার পদাঙ্ক অনুসরণ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগলব্ধ অভিজ্ঞতা থেকেই এসেছে। তিনি বলেন, এটা আমাদের জন্য কেবল নয় বিশ্বের যে কোনো দুর্যোগপ্রবণ এলাকার জন্যও করণীয় হতে পারে। প্রধানমন্ত্রী এ সময় জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সেই অমোঘ মন্ত্র ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না’ পুনরুচ্চারণ করেন।