ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকা থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর  হয়।  তবে, এর আগে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুর স্টেশনে যাতে সময়মতো পৌঁছায়—সে বিষয়টি লক্ষ রাখার কথা জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী বলেন, যেসব এলাকায় লকডাউন নেই সেসব জায়গায় ট্রেন চলবে। এছাড়া পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

অপরদিকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা আগের সিদ্ধান্ত সংশোধন করেছি। ঢাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ থাকছে না। ঢাকা থেকে  কোনো ট্রেন ছাড়বে না এবং ঢাকায় কোনো ট্রেন আসবে না। তবে লকডাউনের আওতায় থাকা জেলাগুলো বাদে দেশের অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন : চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ, চট্টগ্রাম-সিলেট—এগুলো চলবে। শুধু ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না।

এর আগে সোমবার করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে তার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। জেলাগুলো হচ্ছে :মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ।