সিঙ্গাপুরে একজন অভিবাসী গৃহকর্মীকে খাবার না দেওয়া, নির্যাতন ও হত্যার দায়ে এক নারীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গৃহকর্মী পিয়াং এনগাই মিয়ানমার থেকে সিঙ্গাপুরে কাজ করতে গিয়েছিলেন। কয়েক মাস ধরে নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে মৃত্যুর সময় তার ওজন ছিল মাত্র ২৪ কেজি। গৃহকর্ত্রী গাইয়াথিরি মুরুগায়ান যেভাবে তার ওপর নির্যাতন চালিয়েছেন সরকারি কৌঁসুলিরা তাকে শয়তানের কাজ এবং অত্যন্ত নিষ্ঠুর বলে উল্লেখ করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্বের অন্যতম ধনী এই দেশটিতে গৃহকর্মী নির্যাতনের বিষয়ে যেসব মামলা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এই ঘটনা তার একটি। গৃহকর্ত্রী মুরুগায়ান পুলিশ সদস্যের স্ত্রী (৪০)। তিনি তার দোষ স্বীকার করে নিয়েছেন। বিচারক বলেছেন, ২৪ বছর বয়সি ঐ গৃহকর্মীর ওপর কতটা নির্মম নির্যাতন চালানো হয়েছে, কীভাবে অপমান করা হয়েছে, দিনের পর দিন না খাইয়ে রাখা হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। পিয়াং এনগাই ২০১৬ সালের জুলাই মাসে মারা যান। এর আগে মুরুগায়ান ও তার মা মিলে গৃহকর্মীকে কয়েক ঘণ্টা ধরে নির্যাতন করেছেন। পরে ময়নাতদন্ত রিপোর্টে দেখা গেছে, পিয়াং মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মারা গেছেন।